শিরোনাম

ক্যাম্পের বাইরে বসবাস, উখিয়ায় ১৫শ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
ক্যাম্পের বাইরে বসবাস, উখিয়ায় ১৫শ রোহিঙ্গা আটক
গ্রেপ্তার রোহিঙ্গা। ছবি: সিটিজেন জার্নাল

কক্সবাজারের উখিয়ায় উপজেলার বালুখালী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫০০শ রোহিঙ্গাকে আটক করেছে যৌথবাহিনী। অভিযান অব্যাহত থাকায় আটকের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে এই অভিযান শুরু হয়। আটককৃতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু৷

জানা গেছে, আটক রোহিঙ্গারা উখিয়ার শরণার্থী ক্যাম্পের বাইরে ভাড়া বাসায় ও স্থানীয়দের জমি দখল করে অবৈধভাবে বসবাস করছিলেন। তাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহারের শঙ্কা রয়েছে। তাই ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে নিতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

যৌথবাহিনীর একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য ক্যাম্পে জায়গা নির্ধারণ করে দেওয়া আছে। তারপরও তারা নিয়ম ভেঙে বাঙালিদের জমি দখল করে অবস্থান করছে। যা স্থানীয়দের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও জানান, বর্তমানে আটককৃতদের একটি নির্দিষ্ট স্থানে জমায়েত করা হচ্ছে। তাদেরকে স্থানীয় জেলা প্রশাসক ও উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ছেড়ে দেয়া হবে এবং ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।

রোহিঙ্গা

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, গ্রেপ্তার রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবৈধভাবে বসবাস কোনোভাবেই অনুমোদিত নয়। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

উখিয়া ৯ বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ বলেন, ক্যাম্পের বাইরে অবস্থানকারী রোহিঙ্গাদের আইনের আওতায় আনতেই এই অভিযান চালানো হচ্ছে। অভিযান চলমান রয়েছে।

/এসআর/