শিরোনাম

টেকনাফে সৈকত থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফে সৈকত থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার
সৈকত। ছবি: সিটিজেন জার্নাল

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ও মিটাপানিরছড়া সৈকতের নৌঘাট এলাকা থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকতে তরুণ-তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

স্থানীয় জেলে জালাল আহমদ বলেন, সৈকতে গিয়ে দেখি, কিছু লোক বালুচরে পড়ে থাকা তরুণ-তরুণীর মরদেহ ঘিরে রেখেছেন। মনে হয়েছে, অন্য কোথাও দুজনকে হত্যার পর কেউ সৈকতে মরদেহ ফেলে রেখে গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুপুর পর্যন্ত মরদেহ দুটির পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, প্রাথমিক তদন্তে ওই তরুণ-তরুণীকে রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। সাগরপথে মানব পাচার, মুক্তিপণ আদায়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ওই তরুণ-তরুণীর শরীরে জখমের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

/এসআর/