শিরোনাম

চোখের সামনে শেষ জয়নালের স্বপ্নের বাগান

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি
 চোখের সামনে শেষ জয়নালের স্বপ্নের বাগান
পানি জমে থাকায় মরে যাচ্ছে জয়নাল আবেদীনের পেঁপে বাগানের গাছ

ছয় একর জমিতে গড়ে তুলেছিলেন পেঁপে ও বরইয়ের বাগান। স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে গড়েছিলেন বাগান। নিয়েছেন ব্যাংক ঋণও। প্রায় ২০ লাখ টাকা বিনিয়োগ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনেছিলেন জয়নাল আবেদীন।

কিন্তু ৯ দিনের টানা বর্ষণে তা এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। দীর্ঘদিন জমিতে পানি জমে থাকায় মরে গেছে অধিকাংশ পেঁপেগাছ। চোখের সামনে শেষ হলো তার বহু পরিশ্রমের ফসল। ঘরে তুলতে পারেননি ফসল।

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের বাইপাস দক্ষিণ এলাকায় জয়নাল আবেদীনের বরই ও পেঁপে বাগান। একই এলাকায় অন্তত আরও ২০ জন কৃষক বাগান করেছেন।

শুধু জয়নাল আবেদীন নন। তার মতো অন্য কৃষকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবার ফসলই ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে। জানা গেছে, কেউই এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাননি। এমন কী কোনো কৃষি কর্মকর্তা খোঁজ নেননি।

অশ্রুসিক্ত চোখে জয়নাল আবেদীন বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে করেছিলাম এই পেঁপে বাগান। প্রতিটি চারা কিনেছি ৫০ টাকা করে। আট মাস ধরে পরিশ্রম করছি। টানা বৃষ্টিতে পুরো বাগান পানিতে তলিয়ে গেছে। আমার সব শেষ। বুঝতে পারছি না কীভাবে ব্যাংকের ঋণ শোধ করব।’

রামু উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমান বলেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

/এসআর/