বিএনপির নদীতে চর পড়েছে, তাই জামায়াতে এসেছি: মেজর (অব.) আক্তারুজ্জামান

কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জ সংবাদদাতা
বিএনপির নদীতে চর পড়েছে, তাই জামায়াতে এসেছি: মেজর (অব.) আক্তারুজ্জামান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য মেজর (অব.) মোহাম্মদ আক্তারুজ্জামান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য মেজর (অব.) মোহাম্মদ আক্তারুজ্জামান বলেছেন, আমি ৪০ বছর জাতীয়তাবাদের রাজনীতি করেছি। তখন একটি বিশাল নদীতে ছিলাম। কিন্তু আজ সেই নদীতে চর পড়েছে। তাই ন্যায় ও সাম্যের রাজনীতি প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাকে সেই নদী থেকে সরে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে এসেছি।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মেজর (অব.) আক্তারুজ্জামান বলেন, ৪০ বছরের রাজনীতিতে আমার ভুল ছিল না। কিন্তু সেই নদীতে আজ চর পড়ে গেছে। তাই বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আমি আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে ধারণ করেছেন। ইনশাআল্লাহ, আমরা আল্লাহর কাছে পৌঁছাব, ইনশাআল্লাহ আমরা সাগরে যাব। আমাদের জয় হবেই হবে, সত্যের জয় হবে। আমি জনগণের কল্যাণের জন্য হিমালয় পর্বত ডিঙাতেও পিছপা হবো না।

তিনি বলেন, আমার সকল নাজাতের উৎস হলেন পরম করুণাময় আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করি। আমি মনে করি, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই মুক্তিযুদ্ধের ফসল বাংলাদেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে হলে আল্লাহর সহায়তা ও সম্মতি প্রয়োজন। আমরা ইসলামী আন্দোলনের মাধ্যমে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে চাই।

জেলা জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক আমির অধ্যাপক মো. রমজান আলী, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল হক, সদর উপজেলা জামায়াতের আমির ক্বারি নজরুল ইসলাম ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

/এসবি/