টাঙ্গাইলে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
টাঙ্গাইলে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার
ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধাকে’ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)

টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধাকে’ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হাছান আলী (৩৭) ও একই ইউনিয়ন যুবদলের সদস্য মাহমুদুল হাসান (৩৪)। হাছান চিতুলিয়াপাড়ার আজাহার আলীর ছেলে এবং মাহমুদুল শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে। তারা দুজনই উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় দুজনের কাছ থেকে ১৫০ পিস করে মোট ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, গাবসারা এলাকা থেকে ইয়াবাগুলো নিয়ে এলেঙ্গায় বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় ছিলেন।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা করা হয়েছে। মামলার পর বুধবার দুপুরে দুজনকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

/এমআর/