শিরোনাম

চাটমোহর মহিলা কলেজে অধ্যক্ষের কক্ষে তালা দিলেন শিক্ষকরা

পাবনা সংবাদদাতা
চাটমোহর মহিলা কলেজে অধ্যক্ষের কক্ষে তালা দিলেন শিক্ষকরা
অধ্যক্ষের কক্ষে তালা দেন শিক্ষকরা। ছবি: সংবাদদাতা

চাকরির মেয়াদ বাড়ানোয় পাবনার চাটমোহর মহিলা কলেজে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়েছেন সংক্ষুব্ধ শিক্ষকরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সনজুর কক্ষে তারা তালা লাগিয়ে দেন। একইসঙ্গে অধ্যক্ষের চাকরির মেয়াদ না বাড়ানোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করা হয়।

অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সনজু বলেন, শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

জানা গেছে, চাটমোহর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সন্জুর চাকরির মেয়াদ গত বছরের ৩১ জানুয়ারি শেষ হয়। কিন্তু মেয়াদ থাকা অবস্থায় এডহক কমিটির সদস্যদের কাছে চাকরির মেয়াদ বাড়ানোর জন্য তিনি আবেদন করেন। সেই আবেদনের পর এডহক কমিটির সুপারিশে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার চাকরির মেয়াদ ৩ মাস বৃদ্ধি করে।

শিক্ষকদের অভিযোগ, অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সনজু শিক্ষক ও স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো আলোচনা ছাড়া গোপনে এই কাজটি করেছেন। বেশিরভাগ শিক্ষকই তাকে আর অধ্যক্ষ হিসেবে চান না। এই ঘটনার রেশ ধরে মঙ্গলবার কলেজের অধ্যক্ষের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে সংক্ষুব্ধ ২৮ জন শিক্ষক।

মেয়াদ শেষ হয়ে যাওয়া এডহক কমিটির সদস্য ডা. আব্দুল মজিদ জানান, আমরা ৬ মাস বর্ধিত করার জন্য সুপারিশ করেছিলাম। পরে জেনেছি, শরীফ মাহমুদ সরকারের অধ্যক্ষ পদটি ৩ মাসের জন্য বর্ধিত করা হয়েছে।

অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সন্জু বলেন, অধ্যক্ষ পদের মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে। অনেকে না বুঝে অভিযোগ করছেন। আমার কক্ষে তারা (শিক্ষক) তালা দিয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আইনগত ব্যবস্থা নেবো।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, অধ্যক্ষের মেয়াদ ৯০ দিন বর্ধিত করার সংশ্লিষ্ট দপ্তরের একটি চিঠি আমি পেয়েছি।

/এসআর/