শিরোনাম

চাঁদপুর ও চট্টগ্রামের শতাধিক গ্রামে কাল ঈদ

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর ও চট্টগ্রামের শতাধিক গ্রামে কাল ঈদ
জামাতে নামাজ আদায় করছেন মুসল্লিরা।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার (২৭ মে) চাঁদপুরের ৪০টি ও চট্টগ্রামের ৬০টি গ্রামে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টায় চাঁদপুরের ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবারের পীর যাকারিয়া চৌধুরী আল মাদানী। অন্যদিকে, বুধবার (২৭ মে) সকাল সাড়ে নয়টায় মির্জাখীল দরবার শরীফের মূল খানকাহ মাঠে

ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, অনেকেই মনে করেন আমরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করি, যা সঠিক নয়। বরং হানাফী, মালেকী ও হাম্বলী মাযহাবের মতানুসারে- বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার ভিত্তিতে আমরা রোজা ও ঈদ উদযাপন করেন।

চাঁদপুরের আগাম ঈদ উদযাপনে সামিল হওয়া গ্রামগুলোর মধ্যে রয়েছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর ও বাসারা। এছাড়া ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর, মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর ও পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার আরও কয়েকটি গ্রামের সচেতন মুসল্লিরা কাল এই ধর্মীয় উৎসবে অংশ নেবেন।

এদিকে, চট্টগ্রামের মির্জাখীল দরবার শরীফের অন্যতম দায়িত্বশীল ব্যক্তি মোহাম্মদ মছউদুর রহমান বলেন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চাঁদের নিখুঁত অবস্থান এবং হজের খবর সরাসরি নিশ্চিত হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, এবারও আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল- হুযাইফি কর্তৃক প্রদত্ত হজের খুতবা ও হজ পালনের দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করার পর, দেশ-বিদেশে সিলসিলায়ে আলীয়া জাঁহাগীরিয়া ও মির্জাখীল দরবার শরীফের অনুসারীগণ বুধবার ঈদের নামাজ আদায় করবেন।

চট্টগ্রামের আগাম ঈদ উদযাপনে সামিল হওয়া গ্রামগুলোর মধ্যে রয়েছে- সাতকানিয়া উপজেলার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডাঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা ও হালুয়াঘোনা এবং চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, চরবরমা, কেশুয়া, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী ও জামিরজুরিসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মানুষ বুধবার ঈদ উদযাপন করবেন।

এ ছাড়া বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, সীতাকুণ্ড, মিরসরাই, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ ও রাউজানের বহু গ্রাম এবং পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজারের অসংখ্য মুরিদ ও অনুসারী একই দিনে পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগ করে নেবেন।

/এসবি/