আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুনে নিহত ৬

সাভার সংবাদদাতা
সাভার সংবাদদাতা
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুনে নিহত ৬
কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগে

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের একটি কারখানা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহততের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জয়নব (৫৫)। বাকিদের নাম তাৎক্ষণি পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এরপর আরও কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন আশপাশে থাকা আরও ৫-৬টি গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

নিহত ওই নারী ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরের একটি টেইলার্সের দোকানে ছিলেন। মেয়ে সানজিদা আক্তার জানান, তার বাড়িতে বেড়াতে এসেছিলেন জয়নব। সানজিদা টেইলার্সে কাজ করেন। ওই টেইলার্সের দোকানের ভেতরেই দাঁড়িয়ে ছিলেন তার মা। ঘটনার সময় ওই দোকানের টিনের ছাদ ভেদ করে সিলিন্ডার জয়নবের মাথায় আঘাত করলে তিনি মারা যান।

বাকি পাঁচজনের মরদেহ কাভার্ড ভ্যান থেকে উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, কারখানায় ব্যবহারের জন্য আনা গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান থেকে সিলিন্ডার নামানোর সময় আগুন ধরে যায়। পরে আশপাশে অন্তত পাঁচটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট এবং ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট একসঙ্গে পাঠানো হয়। ৭টা ১০ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা পাঁচ থেকে ছয়টি গাড়িতে আগুন জ্বলতে দেখতে পায়। পরে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

/টিই/