শিরোনাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল

পরীক্ষা বর্জনের পর অধ্যক্ষের কক্ষে তালা শিক্ষার্থীদের

চবি সংবাদদাতা
পরীক্ষা বর্জনের পর অধ্যক্ষের কক্ষে তালা শিক্ষার্থীদের
স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পুরোনো শিক্ষকদের বহিষ্কার ও অবৈধ নিয়োগের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তারা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন এবং অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

জানা যায়, স্কুলে পরীক্ষায় অংশ নিতে এসে শিক্ষার্থীরা তাদের পুরোনো শিক্ষকদের উপস্থিত দেখেননি। এ ঘটনায় তারা তাৎক্ষণিকভাবে পরীক্ষা বর্জন করে পুরোনো শিক্ষকদের পুনর্বহাল ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন।

আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে তালা দেন। তাদের অভিযোগ, স্বজনপ্রীতি ও দলীয়করণের মাধ্যমে অবৈধভাবে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, যারা গত পাঁচ বছর ধরে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করেছেন, তাদের অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এহসানুর রহিম বলেন, আমরা আমাদের পুরোনো শিক্ষকদের ফেরাতে চাই। অবৈধ নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।

এর আগে, ৯ মার্চ ২০২৫ তারিখে প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে মাধ্যমিক শাখায় ১১টি ও উচ্চ মাধ্যমিক শাখায় ১১টি শূন্যপদের কথা উল্লেখ করা হয়। এরপর ৮ মে ইউজিসি এক নির্দেশনায় সব ধরনের নিয়োগ স্থগিত করার নির্দেশ দেয়। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষকরা ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে হাইকোর্টে আপিল করেন। একই সঙ্গে গত ১৪ জানুয়ারি ইউজিসি ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দাখিল করেন।

/এসআর/