শিরোনাম

দুই কোটি টাকা চাঁদা চেয়ে যা বলা হয় ব্যবসায়ীকে

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
দুই কোটি টাকা চাঁদা চেয়ে যা বলা হয় ব্যবসায়ীকে
চট্টগ্রাম নগরীর একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা

চট্টগ্রাম নগরীতে চাঁদা চেয়ে ফোনে হুমকির পর একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সে-সময় প্রতিষ্ঠান থেকে ৩৫ লাখ টাকা লুট করা হয় বলে দবি করেছেন প্রতিষ্ঠান-সংশ্লিষ্টরা। বিদেশি একটি নম্বর থেকে ফোন করে ‘ডেভিড ইমন’ পরিচয় দেওয়া এক ব্যক্তি ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’ বলে হুমকি দেন।

প্রাথমিক তদন্তে ঘটনাটির সঙ্গে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে সশস্ত্র হামলা, ভাঙচুর ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির দাবি, হামলার আগে তাদের কাছে এককালীন দুই কোটি টাকা, পরবর্তী সময়ে মাসে ১০ লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়েছিল। সেই দাবি প্রত্যাখ্যান করার পরই হামলার ঘটনা ঘটে।

হামলার ভিডিও ফুটেজে দেখা গেছে, দুপুর ১২টা ২০ মিনিটে ডিডিএন নামে ওই প্রতিষ্ঠানে হামলা করে সন্ত্রাসীরা। চকবাজার থানার চন্দনপুরা এক্সেসরোড এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানে সশস্ত্র অবস্থায় ঢোকে ২৫ থেকে ৩০ বছর বয়সি ৩০-৪০ জনের সন্ত্রাসী দল। তারা একের পর এক বিভিন্ন কম্পিউটার-ল্যাপটপ ভাঙচুর করে। বেশির ভাগ সন্ত্রাসীর মুখে মাস্ক ছিল। কয়েকজনের হাতে বিদেশি পিস্তল দেখা গেছে। কারও কারও হাতে ছিল রামদা, শাবল ও ধারালো ছোরা। এ সময় ওই প্রতিষ্ঠানের কর্মীদের বেশ আতঙ্কিত দেখা যায়। তবে সন্ত্রাসীরা কর্মীদের ওপর কোনো হামলা করেনি।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. শামশুদ্দোহা মিনহাজ বাদী হয়ে চকবাজার থানায় লিখিত অভিযোগ করেন।

ডিডিএন-এর কর্ণধার আদিল বিন মামুন বলেন, আমার কাছে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। আমি দিইনি। এ কারণে দিনদুপুরে প্রকাশ্যে প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশীদ বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আদিলকে কথিত সন্ত্রাসী ডেভিড ইমনের হুমকি দেওয়ার একটি ফোনকল রেকর্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ডিডিএন’র মালিকের সঙ্গে ৬ মিনিট ৪০ সেকেন্ডের কথোপকথনে ডেবিট ইমন বলেন, ‘বিগত ১৭-১৮ বছর আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসা করেছেন। আর কত করবেন? এখন থেকে আমরা করবো। আপনারা আর ব্যবসা করতে পারবেন না। ৫ আগস্টের পর ৮-১০টা মার্ডার মামলা খেয়ে ঘুরতেছি। আপনারা কয়টি মার্ডার মামলা খেয়েছেন? আর আপনি যদি ব্যবসা করেন তাহলে আমাদের সঙ্গে সমন্বয় করে ব্যবসা করতে হবে। ভাইজান ভালোই ভালোই একটা কথা বলি।’

তিনি বলেন, ‘আপনি যদি আমাদের সর্ম্পকে না জানেন বেশি দূর যাইতে হবে না। পুলিশ কমিশনারের কাছে জিজ্ঞাসা করলেই হবে। আর দ্বিতীয় কথা হলো আপনি যদি ব্যবসা করেন, আমাদের সঙ্গে কমিটমেন্ট করে ব্যবসা করেন, সমস্যা নাই। আর না হলে আপনি আর ব্যবসা করিয়েন না।’

ডেবিড ইমন বলেন, ‘আপনাকে দুই দিন টাইম দিচ্ছি। আপনার ব্যবসা গুটিয়ে ফেলেন। আমার পোলাইন ব্যবসা করবে। আমরা পুরো চিটাগাং শহরে ব্যবসা করছি। গার্মেন্টস বলেন, ইন্টারনেট বলেন- সব জায়গায় আমার ছেলেরা ব্যবসা করছে। সমন্বয় করলে ব্যবসা করতে পারবেন, না হলে পারবেন না। স্মার্ট গ্রুপের মুজিবের বাসায় কী হয়েছে দেখেছেন তো?’

পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমন ওরফে মোবারক হোসেন ইমন বাকলিয়া এলাকার আলোচিত জোড়া খুন ও ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ মোট সাতটি মামলার আসামি। ছোট সাজ্জাদ কারাগারে যাওয়ার পর থেকে বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামের অপরাধজগতে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ইমন ও রাউজানের রায়হান।

/এসবি/