শিরোনাম

এমপি আসার খবরে হাসপাতালে ভর্তি ২৩ রোগী

চট্টগ্রাম সংবাদদাতা
এমপি আসার খবরে হাসপাতালে ভর্তি ২৩ রোগী
হাসপাতাল পরিদর্শনে গেছেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। ছবি: সংগৃহীত

সংসদ সদস্য (এমপি) হাসপাতাল পরিদর্শনে আসবেন, এমন খবর ছড়িয়ে পড়ার পর সকালে সেখানে চিকিৎসা নিতে ভর্তি হন ২৩ রোগী। এমপি চলে যাওয়ার পরই আবার হাসপাতাল ছাড়েন তারা। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যান চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম। পরিদর্শন শেষে বেলা ১টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকালে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারা বিভিন্ন স্থানে মারামারি-সংঘর্ষে আহত হয়েছেন। এরপর নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসা নেন। তবে হাসপাতাল ছাড়ার পর পুনরায় অসুস্থ বোধ করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন। তাদের অনেকেরই হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ মোড়ানো ছিল। সংসদ সদস্যের পরিদর্শন শেষ হওয়ার পরপরই তারা হাসপাতাল ত্যাগ করেছেন।

হাসপাতালে আগে থেকে ভর্তি ছিলেন আনোয়ারার মাজারগেট এলাকার মো. আলমগীর ও পীরখাইন এলাকার মোহাম্মদ হোসেন। দুজনের অভিযোগ, তাদের নির্ধারিত শয্যা থেকে সরিয়ে সেখানে নতুন করে ভর্তি হওয়া ওই ব্যক্তিদের তোলা হয়। তবে সংসদ সদস্য চলে যাওয়ার পর ওই ব্যক্তিরা চলে যাওয়ায় শয্যা ফিরে পেয়েছেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, কিছু রোগী ফলোআপের জন্য সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এসব রোগীকে দুটি পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়। নিয়মিত রোগীদের ওয়ার্ড থেকে বের করে দেওয়ার অভিযোগ সত্য নয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের বিষয়ে জানতে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তবে তিনি সাড়া না দেওয়ায় এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

সংসদ সদস্যের সঙ্গে হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী। পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলব।’

/এসআর/