শিরোনাম

জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: ডিআইজি

চট্টগ্রাম সংবাদদাতা
জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: ডিআইজি
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক আহসান হাবীব। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বিস্তীর্ণ এই এলাকার নিরাপত্তায় র‍্যাব ও পুলিশের দুটি ক্যাম্প স্থাপন করা হবে।

সোমবার (৯ মার্চ) দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, সন্ত্রাসীদের ধরতে আজ সকাল ৬টা থেকে জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবি অভিযান চালায়। অভিযানে দুপুর পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের মধ্যে আলোচিত কোনো সন্ত্রাসী নেই। অভিযানের খবরে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার ‘ইয়াসিন বাহিনী’র প্রধান মো. ইয়াসিন পালিয়ে গেছেন।

ব্রিফিংকালে ডিআইজি বলেন, আমাদের অভিযান চলমান। র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও এপিবিএনের মোট ৩ হাজার ২০০ সদস্য এই অভিযানে অংশ নিয়েছেন। ভোর থেকেই আমরা এখানে কাজ করছি। আমাদের প্রধান লক্ষ্য ছিল এই বিশাল এলাকায় আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, আমরা তা পেরেছি।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডা. জিয়াউদ্দীন সাংবাদিকদের বলেন, এখানে যে প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার প্রয়োজন ছিল, তা এখন হয়েছে। সরকার আগে থেকেই এই এলাকা ঘিরে উন্নয়ন পরিকল্পনা নিয়েছিল, এখন আমরা সেগুলো বাস্তবায়নের কাজ শুরু করব।

এর আগে সোমবার ভোরে ভারী সরঞ্জাম নিয়ে ওই এলাকায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

/এসআর/