মহাসড়কের পাশে বাসযাত্রীদের চাপা দিলো লরি, নিহত ৫

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
মহাসড়কের পাশে বাসযাত্রীদের চাপা দিলো লরি, নিহত ৫
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাসের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের চাপা দিয়েছে একটি কনটেইনারবাহী লরি। এ ঘটনায় তিন নারী ও এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চারজন। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর শামীম আহমেদ।

এর আগে, গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় রয়েল সিমেন্ট গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে নিহত শিশুটির নাম রাকিব (৮)। সে নেত্রকোনার মদন উপজেলার সীবাশ্রম এলাকার আজহারুল ও ফাতেমার ছেলে। নিহত নারী ফাতেমার (৪০) স্বামীর নাম আজহারুল। তার বাবা আবুল কাসেম ও মা রাবেয়া। নিহত বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিল শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। রয়েল সিমেন্ট গেট এলাকায় পৌঁছালে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে চালক বাসটি মহাসড়কের পাশে থামিয়ে মেরামতের কাজ শুরু করেন। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে সড়কের পাশে রাখা কাঠের গুঁড়িতে বসে অপেক্ষা করছিলেন।

এমন সময় ঢাকামুখী একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

ওসি শামীম আহমেদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ ছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

/এফআর/