শিরোনাম

সিঙ্গাপুর থেকে চট্টগ্রামে ডিজেলভর্তি জাহাজ, অপেক্ষায় ২টি

নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুর থেকে চট্টগ্রামে ডিজেলভর্তি জাহাজ, অপেক্ষায় ২টি
তেলবাহী জাহাজ। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তীব্র আকার ধারণ করছে জ্বালানি সংকট। বাংলাদেশেও তীব্র আকার ধারণ করছে এই সংকট। এমন পরিস্থিতির মধ্যেই সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘এমটি ইউয়ান জিং হে’ নামে একটি জাহাজ।

চীনের পতাকাবাহী জাহাজটি শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বন্দরের ডলফিন জেটিতে তেল খালাসের জন্য ভেড়ানো হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আরেকটি জাহাজ বন্দরের কাছাকাছি পৌঁছেছে বলেও জানান তিনি। জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।

হামিম আরও বলেন, জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে। আজ (৩ এপ্রিল) দিবাগত রাতে সেটি বন্দরে পৌঁছাতে পারে। এছাড়া চীন থেকে রওনা দেওয়া আরেকটি এলপিজিবাহী জাহাজ শনিবার নাগাদ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।

এ বিষয়ে বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ডিজেলবাহী নবম জাহাজটি ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।’

‘জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে,’ যোগ করেন তিনি।

/জেএইচ/