শিরোনাম

শিক্ষা প্রতিমন্ত্রীকে নিয়ে বিএনপির দুই নেতার টানাটানি

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা
চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা
শিক্ষা প্রতিমন্ত্রীকে নিয়ে বিএনপির দুই নেতার টানাটানি
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মতবিনিময় সভায় জেলা বিএনপির নেতাদের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে হট্টগোলের

চাঁপাইনবাবগঞ্জে একটি মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে নিয়ে টানাটানির ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে জেলা শহরের শহীদ সাটু হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম নিয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আয়োজিত মতবিনিময় সভা শেষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সভা শেষে প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে বের হওয়ার সময় জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবায়ন ও ত্রাণ বিষয়ক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদের মধ্যে তাকে নিয়ে টানাটানি ও হট্টগোলের ঘটনা ঘটে। এসময় উপস্থিত নেতাকর্মী ও কর্মকর্তাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসময় ঘটনাস্থলে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীও উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম বলেন, একজন মন্ত্রী এলে স্থানীয় বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের দাওয়াত দেওয়ার কথা। কিন্তু প্রতিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে এসে মতবিনিময় সভা করলেও জেলা বিএনপি কিংবা পৌর বিএনপির কাউকেই দাওয়াত দেয় নি। এমনকি বিষয়টি আমাদের জানানোও হয়নি। বিষয়টি প্রতিমন্ত্রীকে জানাতে গিয়েছিলাম। এ সময়ই তাকে নিয়ে টানাটানির ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ বলেন, আজকের মতবিনিময় সভাটি ছিল সম্পূর্ণ সরকারি মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠান। এখানে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা ব্যক্তিকে দাওয়াত দেওয়ার কথা নয়। এটি কোনো দলীয় অনুষ্ঠানও ছিল না। তাই জেলা বিএনপি, পৌর বিএনপি কিংবা অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের দাওয়াত না দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ নেই।

তিনি বলেন, জেলা বিএনপিতে যারা বর্তমানে দায়িত্ব পালন করছেন, তারা বিষয়টি সঠিকভাবে না জানার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি করেছেন। একটি সরকারি অনুষ্ঠানকে দলীয় অনুষ্ঠানের সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ নেই। বিষয়টি না বুঝেই তারা প্রতিমন্ত্রীর সঙ্গে এমন আচরণ করেছেন, যা মোটেও কাম্য নয়। জেলা বিএনপির সবাই মূর্খ।

/এসবি/