শিরোনাম

পুশ ইনের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে আজাদ পার্টির মিছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পুশ ইনের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে আজাদ পার্টির মিছিল
ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় গুলশান-১ গোলচত্বরে পৌঁছালে পুলিশ বাধা দেয়। শুক্রবার রাতে তোলা ছবি

‘ভারতীয় আধিপত্যবাদ’ এবং সীমান্ত দিয়ে লোকজনকে পুশ ইন করার প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ আজাদ পার্টি। গুলশান-১ গোলচত্বরে পুলিশ বাধা দেওয়ায় তারা মিছিল নিয়ে সেখানে যেতে পারেনি।

শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মহাখালীর আমতলী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার সময় গুলশান-১ গোলচত্বরে পুলিশ ব্যারিকেড দেয়। এতে মিছিল নিয়ে আর অগ্রসর হওয়া সম্ভব হয়নি। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিলে অংশ নেওয়া লোকজন। একপর্যায়ে তারা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুত্তলিকা পুড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যায়।

সমাবেশে বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ বেশ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতের পক্ষ থেকে অবৈধভাবে মানুষকে বাংলাদেশে পুশ ইন করার ঘটনা এবং বাংলাদেশকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। এ জন্য তাঁরা সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

গত ২০ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আজাদ পার্টির আত্মপ্রকাশ ঘটে। ‘জান দেব, জুলাই দেব না’ স্লোগান নিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন এবং ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৭ দফা কর্মসূচির ভিত্তিতে দলটি যাত্রা শুরু করে।

/বিবি/