শিরোনাম

চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

চাঁদপুর সংবাদদাতা
চাঁদপুর সংবাদদাতা
চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের
দুর্ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড়

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুমিল্লাগামী বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে দিনাজপুর থেকে হাজীগঞ্জগামী আল-আরাফা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটির চালক আবদুল ওহাব, বাসের চালক কামাল ও চালকের সহকারী শোভন– ৩ জনই ঘটনাস্থলে নিহত হয়েছেন।

শাহরাস্তি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। আহত ব্যক্তিদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত ৩ জনকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিস।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আকলিমা জাহান বলেন, আহত ব্যক্তিদের অবস্থা খুবই নাজুক। এজন্য উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, ঘটনার পর ৩ জনের লাশ থানায় আনা হয়েছে। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

/এসআর/