শিরোনাম

হাজীগঞ্জে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

চাঁদপুর সংবাদদাতা
চাঁদপুর সংবাদদাতা
হাজীগঞ্জে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের একাংশ মহাসড়ক অবরোধ করে

চাঁদপুরের হাজীগঞ্জে সদ্য ঘোষিত উপজেলা-পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারে ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এই আন্দোলনের কারণে মহাসড়কে যানবাহন আটকা পড়ে। এতে সাধারণ জনগণ দুর্ভোগে পড়েন।

আন্দোলনরত ছাত্রদলের নেতাকর্মীরা জানান, হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের যে কমিটি ঘোষণা করা হয়েছে, এতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। এ জন্য তারা অবিলম্বে কমিটি বাতিলের দাবিতে এই আন্দোলন করছেন।

হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. হান্নান বলেন, ‘যে কমিটি করা হয়েছে, টাকাপয়সা খেয়ে করা হয়েছে। আমরা চাই, এই কমিটি বাতিল করে নতুন কমিটি করা হোক।’

জেলা ছাত্রদলের সদস্যসচিব জিয়াউর রহমান বলেন, ‘ ৫ আগস্টের আগে ও পরে আন্দোলনে ছিলেন, এমন ত্যাগীদের নিয়ে কমিটি করা হয়েছে। তারপরও আমরা বিষয়টি নিয়ে দলীয় সভায় বসে কথা বলব।’

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘আন্দোলনকারীরা হাজীগঞ্জ বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন ছাত্রদলের কর্মীরা। পরে আমরা তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে আনি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

গত সোমবার (২২ জুন) চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসাইন পাটোয়ারী ও সদস্যসচিব জিয়াউর রহমানের যৌথ স্বাক্ষরে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের ১১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

/এসআর/