ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কসবা পৌর শহরের স্বাধীনতা চত্বরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– মো. হোসেন মিয়া (৪০), মো. জুয়েল মিয়া (৩০), রাব্বী মিয়া (২৫), রাশেদুল ইসলাম রাশেদ (২৫) এবং পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহিদুল খাঁ (৩০)।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পর জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুঁইয়ার অনুসারী নবগঠিত পৌর ছাত্রদল কমিটির সভাপতি এনামুল হক আপেল ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের নেতৃত্বে একটি আনন্দমিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের স্বাধীনতা চত্বরে পৌঁছালে, স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী রাজু আহমেদ ও শহিদুল খাঁসহ ছাত্রদলের একটি অংশ নতুন কমিটিকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে প্রতিবাদ মিছিল বের করে। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচ ছাত্রদল নেতা আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কসবা থানা-পুলিশ। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. রাশেদ জানান, কমিটি নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/