শিরোনাম

আশুগঞ্জে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
আশুগঞ্জে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। এ বছর জেলার আশুগঞ্জ উপজেলা থেকে ৬৩ হাজার ৩৮৫ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া ফিতা কেটে এ সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহানা সুলতানা, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) শিমুল দে, আশুগঞ্জ উপজেলা চাতালকল অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলালা খান, ধান-চাল ব্যবসায়ী ইমরান মোল্লা, হাসান ইমরানসহ স্থানীয় চাতালকল ও অটো রাইস মিল মালিক সমিতির নেতারা।

উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে ধান ও চাল সংগ্রহ করবে খাদ্যগুদাম। এর মধ্যে ৪৯ টাকা কেজি দরে ৫৮ হাজার ৮৬২ মেট্রিক টন সিদ্ধ চাল, ৪৮ টাকা কেজি দরে ৪ হাজার ৯০ মেট্রিক টন আতপ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৪৩৩ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। গত বছর সিদ্ধ চালের মূল্য ছিল ৫০ টাকা কেজি, আতপ চাল ৪৯ টাকা। এছাড়াও ধান ছিল ৩৪ টাকা কেজি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ধান ও চাল সংগ্রহ সম্পন্ন করতে হবে। পাশাপাশি ধান ও চালের গুণগতমান বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। নিম্নমানের বা অনুপযুক্ত ধান-চাল গ্রহণ করা হবে না বলেও স্পষ্টভাবে জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, সরকার কৃষকবান্ধব নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সরাসরি ধান ও চাল সংগ্রহ করছে। এতে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন এবং বাজারেও ইতিবাচক প্রভাব পড়ছে।

উল্লেখ্য যে, দেশের পূর্বাঞ্চলীয় সবচেয়ে বড় ধান ও চালের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। এই মোকামে দেশের উত্তরাঞ্চল, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ থেকে প্রতিদিনই ধান আসে। এখানে বিভিন্ন চাতাল কল ও অটো ড্রায়ার দিয়ে ধানগুলো প্রক্রিয়াজাত করে চাল উৎপাদন করা হয়।

/এসআর/