শিরোনাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো আনারস বহনকারী ট্রাক

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০টি কার্টনে করে ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের ৭৮০ কেজি আনারস বাংলাদেশে আসে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী 1
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০টি কার্টনে করে ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস বাংলাদেশে আসে

ত্রিপুরা রাজ্য সরকারের হর্টিকালচার বিভাগের কর্মকর্তারা চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাসের কাছে আনুষ্ঠানিকভাবে আনারসগুলো হস্তান্তর করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০০টি বক্সে মোট ৬২০টি কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। প্রতিটি বক্সে ৫ থেকে ৬টি করে আনারস রয়েছে। প্রতিটি আনারসের গড় ওজন এক কেজির বেশি।

এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের জন্য উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি আম পাঠিয়েছিলেন।

ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় সাংবাদিকদের বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই বন্ধুত্ব ও মৈত্রীর সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার কিউ জাতের আনারস পাঠানো হয়েছে।

/এফসি/