শিরোনাম

সিডিএ চেয়ারম্যানের দায়িত্বে বিএনপি নেতা বেলায়েত হোসেন

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
সিডিএ চেয়ারম্যানের দায়িত্বে বিএনপি নেতা বেলায়েত হোসেন
বেলায়েত হোসেন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা প্রকৌশলী বেলায়েত হোসেন।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক আদেশে তাকে এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়। আগামী রবিবার (১৪ জুন) তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

সিডিএ চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে বেলায়েত হোসেনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

আরেক আদেশে সিডিএ চেয়ারম্যান পদে এতদিন দায়িত্ব পালনকারী প্রকৌশলী নুরুল করিমের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। তিনি ২০২৪ সালের ২ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩ বছরের জন্য দায়িত্ব পেয়েছিলেন।

বেলায়েত হোসেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

ছাত্রজীবনে বেলায়েত ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন।

/এফসি/