শিরোনাম

নদীর তীরে গোঙানির শব্দে টর্চ জ্বালিয়ে মিললো হাত-পা-মুখ বাঁধা যুবক

ভোলা সংবাদদাতা
ভোলা সংবাদদাতা
নদীর তীরে গোঙানির শব্দে টর্চ জ্বালিয়ে মিললো হাত-পা-মুখ বাঁধা যুবক
উদ্ধার হওয়া যুবক

দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায় মেঘনা নদীর তীর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। গোঙানির শব্দ শুনে টচ জ্বালিয়ে তাকে দেখতে পান স্থানীয় জেলেরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া যুবকের নাম শান্ত (৩০)। তিনি হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. সাহাবুদ্দিনের ছেলে।

স্থানীয় জেলেরা জানান, নদীতে মাছ শিকার করে ট্রলার নিয়ে তারা তীরে ফিরছিলেন। এসময় হঠাৎ কারো গোঙানির শব্দ শুনতে পান। এরপর ট্রলার থেকে নেমে টর্চ জ্বালিয়ে কাঁদার মধ্যে এক যুবককে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তার বাঁধন খুলে হাসপাতালে নিয়ে যান।

কে বা কারা তাকে এভাবে ফেলে গেছেন তা জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘হাত-পা ও মুখ বাধা অবস্থায় একজনকে উদ্ধারের তথ্য পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করছি। ওই যুবক হাসপাতালে আছেন, তিনি এখনও কিছু বলতে পারেননি। তার পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠাবেন।’

এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

/জেএইচ/