ইশরাকের উদ্দেশ্য ভালো, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার

ভোলা সংবাদদাতা
ভোলা সংবাদদাতা
ইশরাকের উদ্দেশ্য ভালো, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, পুলিশের ওপর গুলিবর্ষণকারী একদল মাদকসেবীকে দমনে ইশরাক হোসেনের উদ্যোগের উদ্দেশ্য ভালো ছিল। তবে হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি। একজন প্রতিমন্ত্রীর সঙ্গে দেহরক্ষী থাকে, প্রয়োজনে পুলিশ সহায়তা দিতে পারে। পুলিশ বাহিনী দুর্বল হলে দলীয় কর্মীরাও সহযোগিতা করতে পারেন। কিন্তু একজন মন্ত্রী বা নেতার হাতে বৈধ কিংবা অবৈধ অস্ত্র থাকা শোভন নয়। এ কারণেই প্রধানমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় স্পিকারকে এ সংবর্ধনা দেন লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এ কারণেই ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে দুর্বৃত্তদের দমনে তার উদ্যোগকে সাধারণ মানুষ ভবিষ্যতে মূল্যায়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে স্পিকার বলেন, দলের কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলে সরকার তা গুরুত্বের সঙ্গে দেখছে। এরই মধ্যে একজন সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ ওঠায় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। একইভাবে অস্ত্র হাতে দেখা যাওয়ায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকেও পদত্যাগ করতে হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র ৮ মাস। এর মধ্যেই অভিযোগের মুখে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি সরকার ন্যায়বিচারের দৃষ্টান্ত সৃষ্টি করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনাও করেছেন হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, শেখ হাসিনা ও তার সংসদ সদস্যরা ১৬ বছর ধরে দেশে ব্যাপক লুটপাট করেছেন। দেশের সম্পদ ও টাকা লুট করে বিদেশে প্রাসাদ তৈরি করেছেন। তাদের পতনের পর এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। পৃথিবীর ইতিহাসে এত বড় চোরের দল মানুষ দেখেনি।

আওয়ামী লীগের ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। স্পিকার বলেন, দলটি টাকা দিয়ে আইন-আদালত কিনে ফেলেছিল।

দুর্গাপূজা নিয়ে স্পিকার বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ হিন্দু সম্প্রদায়ের মানুষকে পূজা উদযাপনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। অতীতের তুলনায় এবার বেশি পূজামণ্ডপে পূজা উদযাপিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

/জেএইচ/