শিরোনাম

শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

বরিশাল সংবাদদাতা
বরিশাল সংবাদদাতা
শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ
বরিশাল নগরীর ময়দানের খোলা এলাকায় ৭টি শিয়াল হত্যার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়

বরিশাল নগরীতে হাস-মুরগী ও ছাগল খেয়ে ফেলার অভিযোগে ৭টি শিয়াল হত্যার ঘটনায় পুলিশকে মামলা নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ জুলাই) বরিশাল আদালতের বেঞ্চ সহকারী মো. সেলিম এ তথ্য জানিয়েছেন।

মামলায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম, মোহাম্মদ হারিস, মো. কামাল খলিফা ও জামাল খলিফার নামোল্লেখ করে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনিভাবে বন্যপ্রাণী হত্যার অভিযোগ আনা হয়েছে।

বেঞ্চ সহকারী মো. সেলিম বলেন, ৭টি শিয়াল হত্যায় গত ১২ জুলাই বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান বাদী হয়ে বরিশালের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে নালিশী অভিযোগ জমা দেন।

অভিযোগ বলা হয়, গত ৮ জুলাই নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানের খোলা এলাকায় ৭টি শিয়াল হত্যা, মাংস ভাগাভাগি করা ও খাওয়ার সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়। এ সংবাদ পেয়ে বনবিভাগ ঘটনাস্থলে গেলে টেঁটা দিয়ে ৭টি শেয়াল হত্যা, রক্তের ছাপসহ আগুন দিয়ে পুড়িয়ে ফেলার আলামত পাওয়া গেছে। কিন্তু জড়িতরা আত্মগোপনে থাকায় তাদের গ্রেপ্তার করতে পারেনি।

সোমবার শুনানি শেষে নালিশী অভিযোগ এজাহার হিসেবে রুজু করার জন্য কোতয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মামলার বাদী বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘ঘটনার পর বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে তদন্ত করা হয়। তদন্তে যাদের নাম উঠে এসেছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

/এসআর/