শিরোনাম

বরগুনায় ১৭ দিনে ২১ মরদেহ উদ্ধার

বরগুনা সংবাদদাতা
বরগুনা সংবাদদাতা
বরগুনায় ১৭ দিনে ২১ মরদেহ উদ্ধার
বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা

চলতি মাসে বরগুনার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ মোট ২১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বরগুনা জেলার পুলিশ সুপার কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।

জানা গেছে, চলতি মাসে এখন পর্যন্ত মোট ৩টি হত্যাকাণ্ডসহ বরগুনার বিভিন্ন এলাকা থেকে আরোও ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যার মধ্যে আত্মহত্যাজনিত কারণে ৯ জন এবং বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে ৯ জনের মৃত্যু হয়েছে। তবে এ ১৮ জনের মধ্যে গত ৬ জুন জেলা পরিষদের ডাকবাংলোর দুটি আলাদা কক্ষ থেকে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশের প্রাথমিক ধারণা, দুই মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন।

বরগুনায় জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, উদ্ধারকৃত প্রতিটি মরদেহের ক্ষেত্রে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্ত সম্পন্ন এবং আইনি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনাগুলোর রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। প্রতিটি মৃত্যুর ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কোনো অপরাধীকে আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।

তিনি বলেন, আত্মহত্যা ও দুর্ঘটনাজনিত মৃত্যু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন রয়েছে। এছাড়া, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহর ময়নাতদন্ত করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী যে কারোর প্রকৃত অভিবাবক ডাক্তারি রিপোর্ট প্রাপ্তির পর কোনো বির্তক সৃষ্টি হলে যাতে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

/এসবি/