শিরোনাম

বরগুনায় জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা

বরগুনা সংবাদদাতা
বরগুনায় জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মজুতকৃত প্রায় ১ হাজার ২৬০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিক মো. সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন, পাথরঘাটা স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (২৫ এপ্রিল) রাতে পাথরঘাটা উপজেলার মাছের খাল বাজার সংলগ্ন এলাকায় সাইফুল স্টোরে অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা তাপস পাল। উদ্ধারকৃত জ্বালানি তেল তিনি সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশ দেন।

পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন সূত্রে জানা যায়, বৈশ্বিক পরিস্থিতিতে কৃত্রিমভাবে জ্বালানির সংকট তৈরি করে মজুতসহ অতিরিক্ত দামে বিক্রি করছেন বিভিন্ন এলাকার অসাধু ব্যবসায়ীরা। এ সময় উপজেলার মাছের খাল বাজার সংলগ্ন এলাকায় সাইফুল স্টোরে অবৈধভাবে মজুত করা ১ হাজার ২৬০ লিটার জ্বালানি তেল পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৫৮ হাজার ৯০০ টাকা।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল বলেন, অভিযানে অবৈধভাবে মজুত জ্বালানি উদ্ধারের পর ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/এসআর/