শিরোনাম

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই

বরগুনা সংবাদদাতা
বরগুনা সংবাদদাতা
সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই
সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু

বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী বেগম নুর আফরোজ হেপী।

তিনি পরিবার, আত্মীয়স্বজন, অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৪৯ সালের ৩০ আগস্ট বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে জন্মগ্রহণ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গোলাম সরোয়ার হিরু বরগুনার রাজনীতির সুপরিচিত মুখ ছিলেন। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে পরিচিতি লাভ করেন। এর আগে তিনি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে বরগুনা-২ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেন। পরে ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হওয়ায় বিষয়টি স্থানীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছিলেন। সমর্থকদের কাছে তিনি আস্থাভাজন, স্পষ্টভাষী ও সাহসী রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

/এসআর/