শিরোনাম

বাগেরহাটে ধরা পড়লো ২২ কেজির ভোল মাছ

বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটে ধরা পড়লো ২২ কেজির ভোল মাছ
ভোল মাছ

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ২২ কেজি ওজনের একটি ভোল মাছ। সেটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাটের কেবি মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদার আড়তে উন্মুক্ত নিলামে মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী হারুন মীর। স্থানীয় বাসিন্দাদের কাছে মাছটি ‘ধাতিনা ভোল’ বা ‘দাতিনা ভোল’ নামে পরিচিত।

বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

জেলে ও ট্রলারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাগরে আবহাওয়া খারাপ থাকায় এবার ইলিশের তেমন দেখা মিলছিলো না। বাড়িতে ফেরার আগে মঙ্গলবার রাতে শেষবারের মতো জাল ফেলেন জেলেরা। জাল তোলার সময় বড় আকৃতির মাছটি দেখতে পান তারা। পরে মাছটি আজ সকালে কেবি মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তে তোলা হয়।

মৎস্য ব্যবসায়ী হারুন মীর বলেন, মাছটি বিক্রির জন্য চট্টগ্রামে পাঠানো হয়। মাছটি বিক্রি করে তার প্রায় ৫০ হাজার টাকা লাভ হতে পারে। প্রতি কেজি ১৫ হাজার ৭৭৮ টাকা হিসাবে মাছটির দাম পড়েছে ৩ লাখ ৫৫ হাজার পাঁচ টাকা।

বাগেরহাট উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, এখন সাগরে ছোট ফাঁসের জাল ব্যবহারের কারণে অনেক মাছ বড় হওয়ার আগেই ধরা পড়ে।

ভোল মাছের গলব্লাডার (পিত্তথলি) খুব দামি বলে জানান বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘ভোল মাছ ছাড়াও আমাদের দেশীয় প্রজাতির মাছের এয়ার ব্লাডারও (বায়ুথলি) বেশ দামি। দেশীয় মাছের বায়ুথলি প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ হাজার টাকায় বিক্রি হয়। ভোল মাছের বিভিন্ন অঙ্গ চিকিৎসা সামগ্রী ও প্রসাধনী উৎপাদনে ব্যবহৃত হয়। মাছের অঙ্গও আমাদের একটি রপ্তানি পণ্য।’

/এসআর/