শিরোনাম

রাজধানীর বিমানবন্দর এলাকায় বাইকের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিমানবন্দর এলাকায় বাইকের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হৃদয় হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কার্গো গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় হোসেন পেশায় একজন উবার চালক। তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. শওকত আলী জানান, সকালে বিমানবন্দর কার্গো গেটের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল ওই যুবক। এসময় একটি মোটরসাইকেল ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। সঙ্গে সঙ্গে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এসে ভর্তি করা হয়।

নিহতের ছোট ভাই মো. রাজিব হোসেন জানান, উবার চালক হৃদয় বর্তমানে রাজধানীর শেরে-বাংলা-নগর নুরহাজী গলিতে থাকেন। আজ সকালে প্রাইভেটকার নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তিনি।

তিনি আরও বলেন, দুপুরে মুঠোফোনের মাধ্যমে জানতে পারেন হৃদয় বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল ধাক্কায় আহত হয়েছে। এরপর ঢাকা মেডিকেলে এসে ভাইকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যায় হৃদয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বিমানবন্দর থানায় জানানো হয়েছে।

/এফআর/