শিরোনাম

রাজধানীর বিজয় সরণিতে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিজয় সরণিতে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

দিনের আলো ফুটতে না ফুটতেই রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টা ১৪ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৫টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে মাত্র ৬ মিনিটের মাথায় অর্থাৎ ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে জানা গেছে, বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারের দুই তলা মার্কেটের নিচতলায় এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত আগুনে হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

/জেএইচ/