ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ
রাজধানীর ভাটারায় স্কুল বাসে আগুন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার এবং সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গত সোমবার (৯ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ১৯টি বাসে আগুন দেওয়া হয়েছে। এ সময় ৩০টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ২০ জন। ধারাবাহিক এসব ঘটনায় বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৭টি এবং ঢাকার বাইরে ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ফরিদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় প্রাণ হারিয়েছেন এক চালক। নেত্রকোনায় আগুন দেওয়া হয়েছে ট্রেনে। গোপালগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনাও ঘটেছে।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর, সায়েন্স ল্যাব ও মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণে এক শিক্ষার্থী ও এক গাড়িচালক আহত হয়েছেন। এদিকে নাশকতার চেষ্টার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

চলমান পরিস্থিতিতে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। বৈঠকে নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিরাও উপস্থিত ছিলেন।

রাজধানীতে একাধিক স্থানে ককটেল উদ্ধার

মঙ্গলবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে ককটেলের সঙ্গে একটি চিরকুটও পাওয়া যায়। তাতে ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ এবং ‘জয় বাংলা, জয় মুজিববাদ’ লেখা ছিল।

একই দিন সায়েন্স ল্যাব এলাকায় সিটি কলেজের পাশের মিরপুর সড়ক থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে এসআরইউর বম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো উদ্ধার করে। এ ছাড়া গাবতলী-মোহাম্মদপুর সড়কের বেড়িবাঁধে বাংলাদেশ ইউনিভার্সিটির সামনেও একটি ককটেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি ঘিরে রাখে এবং নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম।

মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি ও কলা ভবনের শ্যাডো এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী আরেফিন সেলিম এবং গাড়িচালক সোহেল আহত হন। তাঁদের মধ্যে সোহেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর আগে সোমবার রাতে রাজধানীর টিএসসি, মালিবাগ, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল, মিরপুর-১৩, টেকনিক্যাল মোড়, তিতুমীর কলেজের সামনে, বনানী, বকশীবাজার ও ইন্টারকন্টিনেন্টালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও বিস্ফোরণ ঘটে। এসব ঘটনার পাশাপাশি ধানমন্ডি ৩২, সায়েন্স ল্যাব ও মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায়ও ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু

ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা একটি লোকাল বাসে সোমবার রাত ৩টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচান শেখ। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত কালাচান শেখ শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, বাসস্ট্যান্ডের লোকজন রাতে কালাচান শেখকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।

চট্টগ্রামে এনসিপির পাহারা, জামায়াতের মোটরসাইকেল র‌্যালি

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে। একই দিনে আনোয়ারার বারখাইন ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করা হয়। এতে ব্যাংকটির কিছু নথিপত্র পুড়ে গেছে বলে জানা গেছে।

এদিকে নাশকতা প্রতিরোধের দাবিতে চট্টগ্রাম নগরীতে রাতে লাঠি হাতে পাহারা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। একই দাবিতে সকালে মোটরসাইকেল র‌্যালি করে জামায়াতে ইসলামী। দল দুটির নেতারা জানান, অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না।

অন্যদিকে সোমবার রাতে ফটিকছড়ি থানার অধীন চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ফটকে ‘ধর্মঘট’ লেখা পোস্টারও লাগানো হয়। তালাবদ্ধ প্রতিষ্ঠানগুলো হলো ফটিকছড়ি সরকারি কলেজ, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চবিদ্যালয়, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় এবং দৌলতপুর সৈয়দ-সৈয়দা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়।

গোপালগঞ্জে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

মঙ্গলবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

এর আগে সোমবার ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

নেত্রকোনায় হাওর এক্সপ্রেসে আগুন

মঙ্গলবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জে আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনটির একটি বগির অন্তত চারটি আসন পুড়ে যায়। ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

নাশকতার অভিযোগে ৩৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত অথবা সংগঠনটির হয়ে কাজ করেন।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের সময় এবং চেকপোস্টে তল্লাশির সময় নাশকতাকারী সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়।

/এমআর/