শিরোনাম

নাগরিকদের সু-অভ্যাস গড়ে তুলতে ইমামদের প্রতি আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সিটিজেন ডেস্ক
নাগরিকদের সু-অভ্যাস গড়ে তুলতে ইমামদের প্রতি আহ্বান ডিএসসিসি প্রশাসকের
ইমাম-মুয়াজ্জিনদের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ তুলে দিচ্ছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম, ১৭ মার্চ ২০২৬। ছবি: সৌজন্যে

নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিধনে নাগরিকদের সু-অভ্যাস গড়ে তুলতে ইমামদের নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

মঙ্গলবার (১৭ মার্চ) নগর ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুদান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিএসসিসি পরিচ্ছন্নতাকর্মীদের নিকট এবং ডিএসসিসির নিজস্ব তহবিল হতে ইমাম-মুয়াজ্জিনদের নিকট এ অনুদান হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অনুদান অর্থ প্রদান অনুষ্ঠানে ইমাম-মুয়াজ্জিনরা। ছবি: সৌজন্যে
প্রধানমন্ত্রীর অনুদান অর্থ প্রদান অনুষ্ঠানে ইমাম-মুয়াজ্জিনরা। ছবি: সৌজন্যে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করে গত ১৫ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে অনুদানের চেক তুলে দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৪,৯৫০ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

পরিচ্ছন্নতাকর্মীদের অনুদান প্রদান অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালামসহ অন্যান্যরা। ছবি: সৌজন্যে
পরিচ্ছন্নতাকর্মীদের অনুদান প্রদান অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালামসহ অন্যান্যরা। ছবি: সৌজন্যে

অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী যেমন আপনাদের কাছে ঈদ উপহার তুলে দিয়েছেন, ঠিক তেমনি আপনাদের দায়িত্ব প্রধানমন্ত্রীকে ক্লিন সিটি, গ্রিন সিটি উপহার দেওয়া।’

পৃথক এক অনুষ্ঠানে ডিএসসিসির আওতাধীন ১,৮৭০ জন ইমামকে জনপ্রতি ৩ হাজার টাকা এবং ১,৮৭০ জন মুয়াজ্জিনকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে মোট ৮৪ লাখ ৫০ হাজার টাকা ঈদ অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।

পরিচ্ছন্নতাকর্মীদের অনুদান প্রদান অনুষ্ঠান। ছবি: সৌজন্যে
পরিচ্ছন্নতাকর্মীদের অনুদান প্রদান অনুষ্ঠান। ছবি: সৌজন্যে

এই অনুদান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়েছে।

ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশে প্রশাসক বলেন, ‘নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে নাগরিকদের সু-অভ্যাস গড়ে তুলতে ইমামদের নেতৃত্ব দিতে হবে।’

এ সময় তিনি পরিচ্ছন্ন নগর গড়তে জনমত তৈরি করতে সুশীল সমাজের অন্যতম অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সহযোগিতা ও পরামর্শ প্রার্থনা করেন।

ঈদ অনুদান প্রদান অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেএইচ/