শিরোনাম

মেট্রোরেলের নিরাপত্তায় কমিটি গঠন

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মেট্রোরেলের নিরাপত্তায় কমিটি গঠন
মেট্রোরেল। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে মেট্রোরেলের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও টেকসই পরিচালনা নিশ্চিত করতে ৯ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমটিসিএল।

২০২৫ সালের ২৬ অক্টোবর মেট্রোরেলে কম্পনরোধে ব্যবহৃত বিয়ারিং প্যাড (শক অ্যাবজর্ভার প্লেট) ছিটকে পড়ে এক পথচারীর নিহত হন। এ ঘটনায় পর উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি সেফটি অডিট কমিটি গঠন করা হয়। তদন্ত ও পরিদর্শন শেষে কমিটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাধ্যমে ‘আইডেন্টিফিকেশন অব অপারেশনাল রিস্কস, সেফটি অডিট অ্যান্ড স্ট্রাকচারাল ইন্টিগ্রেটি অব দ্য কনস্ট্রাকটেড করিডর অব এমআরটি-৬’ শীর্ষক প্রতিবেদন আদালতে জমা দেয়।

প্রতিবেদন পর্যালোচনা করে উচ্চ আদালত ডিএমটিসিএলকে ২৮টি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেন। সুপারিশগুলোর মধ্যে ৮টি স্বল্পমেয়াদি, ১০টি মধ্যমেয়াদি এবং ১০টি দীর্ঘমেয়াদি।

এছাড়া মেট্রোরেলের চলমান ও ভবিষ্যৎ সব এমআরটি প্রকল্পে বাস্তবায়নের জন্য কমিটির আরো ৬টি কৌশলগত সুপারিশ অনুসরণের নির্দেশ দিয়েছেন আদালত।

এসব নির্দেশনা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সুপারিশ বাস্তবায়ন, সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় এবং সার্বিক অগ্রগতি নিয়মিত তদারকি করবে।

যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছে ডিএমটিসিএল। বিশেষজ্ঞদের সুপারিশ ও আদালতের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে এমআরটি লাইন-৬-এর পরিচালনা ব্যবস্থা আরো নিরাপদ, শক্তিশালী এবং আন্তর্জাতিক মানে উন্নীত হবে বলে আশা করছে সংস্থাটি।

/জেএইচ/