অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অফিসার্স ক্লাব ঢাকা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের ভেতরে একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

অফিসার্স ক্লাব সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে মেয়েকে সুইমিংপুলে রেখে তিনি নির্মাণাধীন ভবনের ভেতরে যান। এর প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম রাতে জানান, মোশাররফ হোসেন চোখে কিছুটা কম দেখতেন। তিনি ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান। পুলিশ ঘটনাস্থলে তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

ডিসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার অনুরোধ জানানো হয়েছে। এ কারণে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেনের বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফেরার পর তাঁর দাফন সম্পন্ন করা হবে।