মিরপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, বিএনপি নেতাকর্মীদের মিছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিরপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, বিএনপি নেতাকর্মীদের মিছিল
সতর্ক অবস্থানে পুলিশ। ছবি: সিটিজেন জার্নাল

মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যদের কঠোর অবস্থানে দেখা গেছে। তবে এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে সরেজমিনে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গিয়ে দেখা যায়, সেখানে এসআরবি, বিজিবি ও বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি একটি সাঁজোয়া যান ও জলকামানও মোতায়েন রয়েছে। এসআরবি ও বিজিবির তুলনায় সেখানে পুলিশের সংখ্যা ছিলো বেশি।

এ সময় মিরপুর ১০ নম্বর এলাকায় যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। কোনো শ্রমিককে আন্দোলন করতে দেখা যায়নি। তবে সকাল ১০টা ৮ মিনিটের দিকে বিএনপির নেতাকর্মীদের একটি মিছিল করতে দেখা যায়।

অন্যদিকে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় গিয়ে দেখা যায়, মেট্রোরেল স্টেশনের সামনে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। সেখানেও একটি সাঁজোয়া যান ও জলকামান মোতায়েন রয়েছে। এ এলাকায়ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকাল সাড়ে ১০টার পর বিএনপির নেতাকর্মীরা সেখানে কয়েক ধাপে মিছিল করেছেন বলে জানা গেছে।

/জেএইচ/