তাহসিফের সঙ্গে বারে দেখা যাওয়া সেই তরুণী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
 তাহসিফের সঙ্গে বারে দেখা যাওয়া সেই তরুণী গ্রেপ্তার
তরুণীর সঙ্গে তাহসিফ সৌরি (বাঁয়ে) ও তাহসিফ সৌরি (ডানে)

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জেরিকা তাসনিম দিশা নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দিন রাতে উত্তরার একটি পানশালায় তাহসিফের সঙ্গে ওই তরুণীকে দেখা গিয়েছিল। তাকে শনিবার (৩১ অক্টোবর) রাতে কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।

নিহত তাহসিফের লাশ উদ্ধারের পর তার বাবা কে এম এনায়েতুল করিম প্রথমে মামলা করতে অনীহা প্রকাশ করেছিলেন। পরবর্তীতে শুক্রবার (৩০ অক্টোবর) গভীর রাতে উত্তরখান থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করে। যদিও এজাহারে নির্দিষ্ট কারো নাম উল্লেখ করা হয়নি, তবুও তদন্তের ধারাবাহিকতায় আহমেদ শাহরিয়ার রেজা দীপ এবং জেরিকা তাসনিম দিশাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন গ্রেপ্তারকৃত দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে একই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ৪ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

উল্লেখ্য, শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে পরিচিত তাহসিফ সৌরি মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দীপের ডাকে নিজের বাইক নিয়ে বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

জিজ্ঞাসাবাদে দীপ জানিয়েছিলেন, উত্তরা হাউজবিল্ডিং এলাকার একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেয়ে তারা আলাদা হয়ে যান। তবে পিবিআই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের বাইকটি উদ্ধার করা হয়। মাদকস্পট হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফকে নিয়ে যাওয়ার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন দীপ। তাকে নিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) টঙ্গীর ওই এলাকা পরিদর্শনেও গিয়েছিলেন পিবিআই কর্মকর্তারা।

/এমএকে/