মিরপুরে খুলে দেওয়া হলো মেট্রোরেল স্টেশন, চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিরপুরে খুলে দেওয়া হলো মেট্রোরেল স্টেশন, চলাচল স্বাভাবিক
মেট্রোরেল। ছবি: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার খুলে দেওয়া হয়েছে মিরপুরের তিন মেট্রোরেল স্টেশন। এর ফলে এখন মেট্রোরেলের সবগুলো স্টেশন চালু আছে।

রবিবার ( ১ নভেম্বর) সকাল ৮ টা থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভের একপর্যায়ে এ সংঘর্ষ শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, পুলিশের তৎপরতায় ওই আগুনের প্রায় দেড় ঘণ্টা পর দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। মিরপুরের ১০, ১১ ও ১২ নাম্বার মেট্রো স্টেশনের যাত্রী সেবা চালু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও ১১ নম্বর এলাকার প্রধান প্রধান সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এর ফলে মিরপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এমন পরিস্থিতিতে মিরপুরের ১০, ১১ ও ১২ নাম্বার স্টেশনের উঠা নামা বন্ধ ছিলো।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সকাল থেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

/এসবি/