মিরপুরের রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরলো নিজস্ব সাইনবোর্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিরপুরের রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরলো নিজস্ব সাইনবোর্ড
(বাঁ থেকে) প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড টাঙানো হচ্ছে এবং ভিতরে চলছে চিকিৎসাসেবা কার্যক্রম।

রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এর কার্যালয়ে হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েকদিন পর সেটি দখলমুক্ত হয়েছে। হামলার পর টাঙানো ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড সরিয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড পুনঃস্থাপন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও ক্লিনিকসংশ্লিষ্টরা দখলদারদের সাইনবোর্ডটি সরিয়ে দেন। পরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নিজস্ব সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

এদিকে, হামলা ও ভাঙচুরের ক্ষত কাটিয়ে উঠতে শুরু হয়েছে সংস্কারকাজ। ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামতে কাজ করছেন কর্মীরা। তবে এর মধ্যেও ক্লিনিকের ভেতরে চিকিৎসাসেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে রাড্ডা এমসিএইচ সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া দুই ট্রাক মালামাল।

এছাড়া, ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

/এফআর/