শিরোনাম

চকবাজারে বাশার মার্কেটের আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চকবাজারে বাশার মার্কেটের আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
দুর্ঘটনাকবলিত হাজি আবুল বাশার সুপার মার্কেট। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর চকবাজারের হাজি আবুল বাশার সুপার মার্কেটে লাগা আগুন প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। শনিবার (৪ জুলাই) বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে, দুপুর ১টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করেন।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের জানান, আগুন লাগার সংবাদ পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দিলে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের টানা দেড় ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। ভবনটিতে মাত্র একটি সিঁড়ি রয়েছে, যার প্রস্থ প্রায় দুই ফুট। এছাড়া ভেতরের দোকানগুলোর শাটারের তালা ভেঙে খুলতে সময় লেগেছে, ফলে আগুন নেভানোর কাজও কিছুটা ব্যাহত হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, মার্কেটের গুদামগুলোতে বিপুল পরিমাণ প্লাস্টিক, ছাতা ও বিভিন্ন বৈদ্যুতিক পণ্য মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের সদস্যদের দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং পাশের মার্কেটগুলোতে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও আশপাশের মার্কেটগুলোতে যেন নতুন করে আগুন ছড়িয়ে না পড়ে, সে জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা সতর্ক অবস্থানে থেকে ডাম্পিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এক প্রশ্নের জবাবে কাজী নজমুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত শেষে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব জানানো হবে।

/এফআর/