শিরোনাম

‘পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
‘পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে’
বক্তব্য রাখছেন ডিএসসিসি মো. আবদুস সালাম। ছবি: সংগৃহীত

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মো. আবদুস সালাম। শনিবার (২ মে) ডিএসসিসির অঞ্চল-২ এর আওতাধীন হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘বর্তমান সরকার কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী নিজেই সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন। তাই স্থানীয় নাগরিক সমস্যা সমাধান ও চলমান উন্নয়ন প্রকল্পগুলো সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে।’

ফুটপাতে হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ‘অতীতে হকাররা অনিয়ন্ত্রিতভাবে ফুটপাত ও রাস্তা দখল করার ফলে জনভোগান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হতো। এখন থেকে ফুটপাত বা রাস্তার নির্ধারিত স্থানে, নির্দিষ্ট সংখ্যক হকার নির্দিষ্ট সময়ের জন্য বসতে পারবেন। আমরা পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখা নিশ্চিত করেই হকারদের সুশৃঙ্খল পুনর্বাসনের কাজ করছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

জানা গেছে, ডিএসসিসির নিজস্ব অর্থায়নে লেন ও বাই-লেনের পাইপ নর্দমাসহ প্রায় ১.১ কিলোমিটার রাস্তা উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩.৬৭ কোটি টাকা।

/এফআর/