শিরোনাম

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১৭
মিছিল থেকে আটককৃতরা

রাজধানীর পল্লবীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মিছিলে ধাওয়া দিয়ে ১৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে মিরপুর-১২ নম্বরে মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ ও যুবলীগের সদস্য। তাদের কাছ থেকে একটি ব্যানার, একটি মাইক্রোবাস ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক গণমাধ্যমকে বলেন, টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যান। আটককৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হওয়ার প্রক্রিয়া চলছে।

/এফআর/