রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর বাসে আগুন
কাফরুল থানার সামনে বাসে আগুন

রাজধানীর সাত গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিষ্ফোরণের পর এবার কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

কাফরুল থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাসে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। বাসটির নম্বর (ঢাকা মেট্রো-ব ১১-৭২৩৭)।

এর আগে, জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

পরে যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এতে এক রিকশাচালক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মো. হাসানুর গণমাধ্যমকে জানান, থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে।

এছাড়া বাবুবাজার, বঙ্গবাজার ও গুলিস্তান এলাকাতেও ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

/টিই/