গুলশানে রাজউকের অভিযান, ২৫ প্রতিষ্ঠান সিলগালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গুলশানে রাজউকের অভিযান, ২৫ প্রতিষ্ঠান সিলগালা
গুলশানে অবৈধ বিলবোর্ড অপসারণ করছেন রাজউক সদস্যরা

রাজধানীর গুলশানে আবাসিক ভবনে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা এবং রাজউকের অনুমোদন ছাড়া নির্মাণকাজের অভিযোগে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিচালিত এ অভিযানে ২৫টি প্রতিষ্ঠান সিলগালা, ৯টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ৩৯টি দোকান ও রেস্টুরেন্ট পরিদর্শন করে ২৮টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজউকের জোন-৪/১-এর আওতাধীন উত্তর গুলশান এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল আবেদীন ও অথরাইজড অফিসার মোহাম্মদ কায়সার পারভেজের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে গুলশান-২-এর নর্থ অ্যাভিনিউয়ে বাড়ি নম্বর ১০-এর একটি আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে তিনটি রেস্টুরেন্ট—ইস্তাম্বুল ঢাকা, র‍্যাবিটস বাইট ও ব্রিও সিলগালা করা হয়। একই ভবনে উইভারস নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আগামী ছয় মাসের মধ্যে রাজউক থেকে বাণিজ্যিক ব্যবহারের অনুমতি নিয়ে ব্যবসা পরিচালনার অঙ্গীকারও নেওয়া হয়। এ ছাড়া আবাসিক ভবনে অবৈধভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দেওয়ায় ভবন মালিকপক্ষের প্রতিনিধিকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়। তার কাছ থেকেও অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

একই এলাকার ১৫৫ নম্বর বাড়িতে পিজ্জা দি ওয়ালি নামের রেস্টুরেন্টটি আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে সিলগালা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গুলশান-১-এর ৫৫ নম্বর সড়কের ১২/বি প্লটে সিএফসি রেস্টুরেন্ট ও সিক্রেট রেসিপি সিলগালা করার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে একই ভবনে থাকা ইজাকায়া, পিজ্জা হাট, লা মানো বিউটি পার্লার ও ইলোর নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশ থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।

নর্থ অ্যাভিনিউয়ের ১২/এ নম্বর প্লটে ফিশ অ্যান্ড কোং, ১৪ নম্বর প্লটে আল-শামস, দ্য কফি লাউঞ্জ ও গ্যালিতোস, ১৪/এ নম্বর প্লটে ক্যাফে সাও পাওলো এবং ১৭৬ নম্বর হোল্ডিংয়ে গ্রাউন্ডস কফি ফ্যাক্টরি পরিদর্শন করেন অভিযান পরিচালনাকারীরা। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগ থাকলেও হাইকোর্টের স্থগিতাদেশের কারণে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে, নর্থ অ্যাভিনিউয়ের ৫/এ ও ৫/বি নম্বর প্লটে রাজউকের নির্মাণ অনুমোদন ছাড়াই স্টিল স্ট্রাকচার নির্মাণ এবং বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ১৮টি রেস্টুরেন্ট সিলগালা করা হয়।

গুলশানের ৮৩ নম্বর সড়কের ২৮ নম্বর বাড়িতে একটি হোটেল বা গেস্ট হাউস পরিদর্শন করা হলেও আদালতের স্থগিতাদেশ থাকায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একই কারণে ৭১ নম্বর সড়কের ২/বি নম্বর প্লটে গ্লোরিয়া জিনস রেস্টুরেন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

এ ছাড়া গুলশান-২-এর ৬১ ও ৫৬ নম্বর সড়কের সংযোগস্থলের ১/এ নম্বর প্লটে আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে নির্মাণকাজ চলায় একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ৭১ নম্বর সড়কের ৭/২ নম্বর প্লটে রাজউকের অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণকাজ করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়ায় একটি ভবন সিলগালা করা হয়।

নর্থ অ্যাভিনিউয়ের ৭ নম্বর প্লটে রাজউকের নির্মাণ অনুমোদন ছাড়াই বাণিজ্যিক ব্যবহারের উদ্দেশ্যে রেট্রোফিটিংয়ের কাজ চলছিল। এ অভিযোগে ক্রাম্ব ডট কমসহ দুটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া নর্থ অ্যাভিনিউয়ের ২/এ নম্বর প্লটে তিনটি রেস্টুরেন্ট পরিদর্শন করা হলেও হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি।

রাজউকের অভিযানে মোট ৩৯টি দোকান ও রেস্টুরেন্ট পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ২৮টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলগালা করা হয়েছে ২৫টি প্রতিষ্ঠান, বিচ্ছিন্ন করা হয়েছে ৯টির বিদ্যুৎ সংযোগ। অনুমোদন ছাড়া রেট্রোফিটিংয়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে দুটি ভবনের। এ ছাড়া আদালতে রিট মামলা থাকায় ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। দুটি অঙ্গীকারনামা নেওয়ার পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে মোট দুই লাখ টাকা।

রাজউক সূত্রে জানা গেছে, আবাসিক এলাকার ভবনে অনুমোদন ছাড়া বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা এবং নকশাবহির্ভূত নির্মাণকাজের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসবি/