ই-রিকশা নিবন্ধনে বাড়তি ৪ তথ্য চায় ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ই-রিকশা নিবন্ধনে বাড়তি ৪ তথ্য চায় ডিএনসিসি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত নকশায় নির্মিত ব্যাটারিচালিত রিকশা

ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) নিবন্ধনে আবেদনকারীর কাছ থেকে বাড়তি ৪ ধরনের তথ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

আবেদনকারী কোন এলাকার বাসিন্দা, তার পেশা কী, মাসিক আয় কত এবং তিনি নিজেই ই-রিকশা চালাবেন কি না– এসব তথ্য ফরমে উল্লেখ করতে হবে। এ জন্য মূল বিধিমালায় নির্ধারিত তথ্যের বাইরে এ ৪টি বিষয় যুক্ত করে ফরম তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

ঢাকা উত্তর সিটির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম জানান, আবেদন ফরমে অতিরিক্ত ৪টি বিষয় যুক্ত করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ফরম ছাপানোর কাজ শুরু হবে। এরপর তা বিতরণ করা হবে।

তিনি জানান, ফরমের দাম কত রাখা হবে, সে বিষয়েও মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। কারণ, ই-রিকশা চলাচল বিধিমালায় আবেদন ফরমের দাম নির্ধারণের বিষয়ে কিছু বলা নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ফরমের দাম ১০০ টাকা নির্ধারণ করেছে।

রাজধানীর মতিঝিল এলাকায় ই-রিকশার পাশে এক চালক। ছবি: সিটিজেন জার্নাল
রাজধানীর মতিঝিল এলাকায় ই-রিকশার পাশে এক চালক। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীতে আড়াই লাখ ফরম বিক্রির পরিকল্পনা

ঢাকা উত্তর সিটি তাদের আওতাধীন ১০ অঞ্চলে ১০ হাজার করে মোট এক লাখ ই-রিকশার নিবন্ধন ফরম বিক্রির পরিকল্পনা করছে। ওই অঞ্চলগুলোকে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের ৪টি বিভাগের সঙ্গে সমন্বয় করা হবে। ওই ৪ অঞ্চলের জন্য ৪টি রঙের আলাদা আবেদন ফরম তৈরি করা হবে। ফরমে ট্রাফিক জোনের নামের পাশাপাশি বন্ধনীর মধ্যে ডিএনসিসির সংশ্লিষ্ট জোনের নামও উল্লেখ থাকবে।

রাজস্ব বিভাগের সূত্রে জানা গেছে, কতটি ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ডিএমপির ট্রাফিক বিভাগ এ বিষয়ে জরিপ করছে। তাদের সঙ্গে আলোচনা ও সুপারিশের ভিত্তিতে প্রতিটি জোনে কতটি অটোরিকশা চলতে পারবে, তা নির্ধারণ করা হবে। ফলে প্রাথমিকভাবে ফরম বিতরণের যে পরিকল্পনা রয়েছে, সেটিও পরিবর্তন হতে পারে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আবেদন ফরম বিক্রি শুরু করেছে। তবে সংস্থাটি স্পষ্ট করেছে, ফরম সংগ্রহ করলেই অটোরিকশা চালানোর অনুমতি পাওয়া যাবে না। গাড়ি নির্ধারিত নকশা ও কারিগরি মানদণ্ড অনুযায়ী তৈরি হতে হবে।

ডিএসসিসি প্রাথমিকভাবে তাদের আওতাধীন ১০ অঞ্চলে ১৫ হাজার করে দেড় লাখ অটোরিকশার নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই হিসেবে শুরুতে ঢাকার দুই সিটিতে অন্তত আড়াই লাখ নতুন ব্যাটারিচালিত অটোরিকশা নামবে।

আগে বাহন, পরে আবেদন

ঢাকা উত্তর সিটির পরিকল্পনা অনুযায়ী, আগ্রহীরা আগে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। তবে অটোরিকশা না কিনে আবেদন জমা দেওয়া যাবে না। অর্থাৎ, গাড়ি কেনার পর প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে। তাদের এটি কিনতে হবে অনুমোদিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে থেকে।

আবেদন ফরমে অটোরিকশার নম্বর, ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, মোটর নম্বর ও ব্যাটারির নম্বর উল্লেখ করতে হবে। এসব তথ্যের মাধ্যমে গাড়ির পরিচয় ও কারিগরি বৈশিষ্ট্য যাচাই করা হবে।

৭ প্রতিষ্ঠানকে উৎপাদনের অনুমতি

ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধনের জন্য অন্যতম শর্ত হলো, গাড়িটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত নকশা ও কারিগরি মানদণ্ড অনুযায়ী তৈরি হতে হবে। এ জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। এরপর বুয়েটের কাছ থেকে কারিগরি অনুমোদন নিতে হবে।

ডিএনসিসির রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম জানান, এ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ৭টি প্রতিষ্ঠান সারা দেশে নির্ধারিত নকশায় অটোরিকশা উৎপাদনের অনুমতি পেয়েছে। এর মধ্যে ৫টি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। বাকি দুটি প্রতিষ্ঠান অনুমোদন পেলেও এখনও উৎপাদনে যায়নি।

উৎপাদন শুরু করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে– নিউ গ্রামীণ মোটরস, ডাইনামিক মোটরস, ডায়াস্টার (হাইটেক পাওয়ার), মনির অটো ও আকিজ মোটরস।

/এফসি/