পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের পুরস্কার পেলেন ৭৯০ শিক্ষার্থী

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের পুরস্কার পেলেন ৭৯০ শিক্ষার্থী
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’ পেয়েছেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী। বিভিন্ন পরীক্ষায় ভালো ফলের স্বীকৃতি হিসেবে তারা মোট ৮৫৩টি পুরস্কার পেয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।

চারটি পর্যায়ে এ পুরস্কার দেওয়া হয়েছে। এগুলো হলো ইন্টারন্যাশনাল প্রাইমারি, ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি, ইন্টারন্যাশনাল জিসিএসই ও ইন্টারন্যাশনাল এ লেভেল। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৩২ জন পরীক্ষায় বিশ্বে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। এশিয়ায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন চারজন এবং বাংলাদেশে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৪৯ জন।

এ ছাড়া ইন্টারন্যাশনাল প্রাইমারি ও লোয়ার সেকেন্ডারি পর্যায়ে ৩৬ জন, ইন্টারন্যাশনাল জিসিএসইতে ৫০৬ জন এবং ইন্টারন্যাশনাল এ লেভেলে ২২৬ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিয়ারসন স্কুল কোয়ালিফিকেশনসের গ্লোবাল লিড ক্যাথরিন বুথ এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।

ক্যাথরিন বুথ বলেন, শিক্ষার্থীদের ভালো ফলের পেছনে তাদের আগ্রহ ও পরিশ্রমের পাশাপাশি অন্যদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। এ স্বীকৃতি শিক্ষার্থীদের আরও চ্যালেঞ্জ গ্রহণ এবং নতুন সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্টিফেন ফোর্বস বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি তাদের পাশে থাকা শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের অবদানকেও স্বীকৃতি দেওয়ার সুযোগ এ আয়োজন। সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ পেলে শিক্ষার্থীরা যে ভালো ফল করতে পারে, তা তাদের অর্জনেই প্রমাণিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান পিয়ারসনের বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আবদুল্লাহ ও জান্নাতুল ফেরদৌস সিগমা। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্যের পর শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেট, ইংলিশ অ্যান্ড এক্সামস জুনায়েদ আহমেদ।

পিয়ারসন এডএক্সেল যুক্তরাজ্যের শিক্ষাব্যবস্থার আদলে তৈরি শিক্ষাগত যোগ্যতা প্রদান করে। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে এসব যোগ্যতা স্বীকৃত। বাংলাদেশে ২০১২ সালে এ পুরস্কার চালু করে পিয়ারসন এডএক্সেল। এরপর থেকে এখন পর্যন্ত ৮ হাজার ৮০০-এর বেশি শিক্ষার্থী এ পুরস্কার পেয়েছেন।

বর্তমানে বাংলাদেশের ১৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে পিয়ারসন এডএক্সেল। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে ইন্টারন্যাশনাল প্রাইমারি, লোয়ার সেকেন্ডারি, জিসিএসই ও এ লেভেল পর্যন্ত বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়ন করে প্রতিষ্ঠানটি।

/এমআর/

বিষয়:

শিক্ষা