শিরোনাম

নবজাতকদের চিকিৎসার জন্য কক্ষটি ব্যবহার করা উচিত হয়নি: স্বাস্থ্যের এডিজি

সিটিজেন ডেস্ক
নবজাতকদের চিকিৎসার জন্য কক্ষটি ব্যবহার করা উচিত হয়নি: স্বাস্থ্যের এডিজি
আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ কক্ষ।

ঢাকার আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সেখানকার পোস্ট-অপারেটিভ কক্ষটির পরিবেশ ও ভেন্টিলেশন ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির মতে, কোনো ধরনের বায়ু চলাচলের উপযুক্ত ব্যবস্থা ছাড়া সম্পূর্ণ 'বদ্ধ' বা সাফোকেটিভ এ কক্ষটি নবজাতকদের চিকিৎসার জন্য ব্যবহার করা কোনোভাবেই উচিত হয়নি।

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হান এ মন্তব্য করেন। তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠিত ৩ সদস্যের একটি কমিটি নিবিড়ভাবে কাজ করছে। একদম নির্মোহভাবে পরিচালিত এ তদন্তের প্রতিবেদনটি শনিবার (৩০ মে) জমা দেওয়া হবে।

এর আগে, বুধবার (২৮ মে) সকালে হাসপাতালটির ডেলিভারি পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মাত্র এক থেকে তিন দিন বয়সী ছয়টি নবজাতকের মৃত্যু হয়। অধ্যাপক জাহিদ রায়হান বলেন, যেখানে শিশুগুলো রাখা হয়েছিল, সেখানে কোনো ভেন্টিলেশনের ব্যবস্থাই ছিল না, শুধু এসি চলত। কোনো কারণে এসি বন্ধ হয়ে গেলে জায়গাটি কতটা শ্বাসরুদ্ধকর হয়ে উঠতে পারে, তা সহজেই অনুমেয়। দীর্ঘদিন ধরে কোনো দুর্ঘটনা ছাড়া ওয়ার্ডটি চললেও হঠাৎ একদিনে এতগুলো শিশুর মৃত্যু অত্যন্ত অস্বাভাবিক এবং এর পেছনের সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করা অত্যন্ত জরুরি। তবে তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কায় এখনই কোনো পক্ষকে সুনির্দিষ্টভাবে দায়ী করতে চাননি তিনি।

এদিকে, এ মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে ইতোমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে হাবিবুর রহমান নামের এক ভুক্তভোগী বাবার দেওয়া অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রমনা থানায় মামলাটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়।

/এমএকে/