শিরোনাম

ভাটারায় গ্যাস লিকেজ বিস্ফোরণ: মারা গেলেন সবাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ভাটারায় গ্যাস লিকেজ বিস্ফোরণ: মারা গেলেন সবাই
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর ভাটারা এলাকায় রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন ফাহিমা আক্তার (২১) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় একে একে দগ্ধ তিনজনেরই মৃত্যু হলো।

​শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত ৯টা ৫১ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ফাহিমার মৃত্যু হয়।

​ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ফাহিমার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক থাকায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

​এর আগে, একই দুর্ঘটনায় ফাহিমার স্বামী আনোয়ার হোসেন শাহীন (২৫) এবং তাদের ৮ বছরের ভাগনী হাফসা মারা যায়। সর্বশেষ ফাহিমার মৃত্যুর মধ্য দিয়ে ওই পরিবারটির আর কেউ বেঁচে রইলো না।

​উল্লেখ্য, ভাটারা এলাকায় একটি আবাসিক বাসায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে বাসাটিতে থাকা শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

/এফআর/