জানুয়ারিতে পান্থকুঞ্জ দিয়ে গাড়ি উঠবে এক্সপ্রেসওয়েতে, জুনের মধ্যে কমলাপুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারিতে পান্থকুঞ্জ দিয়ে গাড়ি উঠবে এক্সপ্রেসওয়েতে, জুনের মধ্যে কমলাপুর
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের ৮১ শতাংশ শেষ হয়েছে। তবে প্রকল্পটির পুরো অংশ চালু হতে অপেক্ষা করতে হবে আরও দুই বছর। সরকারের নতুন লক্ষ্য অনুযায়ী, ২০২৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করে পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এর আগে আগামী বছরের জুনের মধ্যে কমলাপুর পর্যন্ত অংশ চালুর পরিকল্পনা রয়েছে।

রাজধানীর যানজট কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ করা হচ্ছে। পুরো প্রকল্প চালু হলে বিমানবন্দর থেকে কমলাপুর, মগবাজার হয়ে কুতুবখালী পর্যন্ত একটানা চলাচল করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।

এর আগে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর এবং এফডিসি রেলগেটসংলগ্ন ডাউন র‍্যাম্প ২০২৪ সালের ২০ মার্চ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এ ছাড়া পান্থকুঞ্জ র‍্যাম্প আগামী জানুয়ারিতে চালুর চেষ্টা চলছে। এটি দিয়ে যানবাহন উড়ালসড়কে উঠতে পারবে, তবে নামার সুযোগ থাকবে না।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রকল্পটি তিন ধাপে বাস্তবায়িত হচ্ছে। প্রথম ধাপে কাওলা থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত ৭ দশমিক ৪৫ কিলোমিটার অংশের কাজ শেষ। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপে বনানী থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত ৫ দশমিক ৮৫ কিলোমিটারের ৮৭ শতাংশ এবং তৃতীয় ধাপে মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত ৬ দশমিক ৪৩ কিলোমিটারের ২২ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে।

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, আগামী বছরের জুনের মধ্যে কমলাপুর পর্যন্ত নির্মাণকাজ শেষ করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে বলা হয়েছে। আশা করা হচ্ছে, ওই সময়ের মধ্যে অংশটি চালু করা সম্ভব হবে।

তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ রয়েছে। জমি অধিগ্রহণে সময় লেগেছে। পান্থকুঞ্জ এলাকায় কাজও এক বছর বন্ধ ছিল। কমলাপুর পর্যন্ত চালু হলে যানবাহনের চলাচল বাড়বে এবং সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে আশা করছেন তিনি।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রকল্পটি তিন ধাপে বাস্তবায়িত হচ্ছে। প্রথম ধাপে কাওলা থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত ৭ দশমিক ৪৫ কিলোমিটার অংশের কাজ শেষ। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপে বনানী থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত ৫ দশমিক ৮৫ কিলোমিটারের ৮৭ শতাংশ এবং তৃতীয় ধাপে মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত ৬ দশমিক ৪৩ কিলোমিটারের ২২ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে। র‍্যাম্পসহ প্রকল্পটির মোট দৈর্ঘ্য প্রায় ৪৭ কিলোমিটার। এর মধ্যে মূল উড়ালসড়ক প্রায় ২০ কিলোমিটার এবং ৩১টি র‍্যাম্পের দৈর্ঘ্য প্রায় ২৭ কিলোমিটার।

সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) বাস্তবায়নাধীন প্রকল্পটির ব্যয় ৮ হাজার ৯৪০ কোটি টাকা। এর মধ্যে প্রাক্কলিত ব্যয়ের ২৭ শতাংশ, অর্থাৎ ২ হাজার ৪১৩ কোটি টাকা ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং হিসেবে দেওয়ার কথা সরকারের। বাকি অর্থ বিনিয়োগ করবে নির্মাতা প্রতিষ্ঠান। এরইমধ্যে প্রথম ও দ্বিতীয় কিস্তিতে সরকার ১ হাজার ৬৮ কোটি ৪৩ লাখ টাকা পরিশোধ করেছে। চুক্তি অনুযায়ী, নির্মাতা প্রতিষ্ঠান ২৫ বছর টোল আদায় করবে।

প্রকল্পটির চুক্তি সই হয় ২০১১ সালের ১৯ জানুয়ারি। সংশোধিত চুক্তি হয় ২০১৩ সালের ১৫ ডিসেম্বর। নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালের জানুয়ারিতে। শুরুতে সাড়ে তিন বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও আর্থিক সংকট ও অংশীদারদের মধ্যে শেয়ার নিয়ে বিরোধের কারণে বারবার সময় পিছিয়েছে। ২০২৪ সালের জুনে কাজ শেষের লক্ষ্যও পূরণ হয়নি। সব মিলিয়ে চুক্তির ১৫ বছর পরও প্রকল্পটির নির্মাণকাজ শেষ হয়নি।

প্রকল্প কর্মকর্তা মো. গোলাম মর্তুজা জানিয়েছেন, মেয়াদ বাড়লেও প্রকল্পের ব্যয় বাড়েনি। ৮ হাজার ৯৪০ কোটি টাকাই রয়েছে। তার ভাষ্য, ২০২০ সাল থেকেই ২৫ বছরের টোল আদায়ের সময় গণনা শুরু হয়েছে।

এদিকে, উড়ালসড়ক ব্যবহারকারীদের চলাচল সহজ হলেও পরিচালনাকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে যানবাহনের সংখ্যা কম দেখানোর অভিযোগ তদন্তাধীন রয়েছে।

/এফসি/