শ্রমিক আন্দোলনে গ্রেপ্তারদের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শ্রমিক আন্দোলনে গ্রেপ্তারদের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি
সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। ছবি: সিটিজেন জার্নাল

শ্রমিক আন্দোলনে অংশ নেওয়ায় হয়রানি বন্ধ, গ্রেপ্তার হওয়া ট্রেড ইউনিয়ন কর্মী ও শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। একই সঙ্গে আন্দোলনে আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

সংগঠনগুলোর নেতাদের দাবি, কারখানা বন্ধ কোনো সমাধান নয়। এতে শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা ও অসন্তোষ বাড়বে। বিভিন্নভাবে রাজনৈতিক ও ব্যবসায়িক উসকানি দেওয়া হচ্ছে বলেও তারা জানতে পেরেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে তৈরি পোশাক শিল্পের চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এসব দাবি ও আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মীর আবুল কালাম আজাদ।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মীর আবুল কালাম আজাদ বলেন, আন্দোলন ঘিরে গ্রেপ্তার হওয়া ট্রেড ইউনিয়ন কর্মী ও শ্রমিকদের মামলা প্রত্যাহার করে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে সত্যিকারে কেউ যদি কারখানা ভাঙচুরে জড়িত থাকে, সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারে। তবে আমরা মনে করি, এখানে কোনো শ্রমিক যুক্ত নয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, কারখানা বন্ধ কোনো সমাধান নয়, বরং কারখানা বন্ধের মাধ্যমে শ্রমিকদের অনিশ্চয়তা ও অসন্তোষ বাড়িয়ে তোলা হবে। বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি যে, রাজনৈতিক ও ব্যবসায়িক উসকানি দেওয়া হচ্ছে। সে ব্যাপারে শ্রমিকদেরকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানানো হয়।

বেতন নির্ধারণে মজুরি বোর্ডের চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ড, উসকানি বা অপতৎপরতার সঙ্গে যুক্ত না হতেও শ্রমিকদের প্রতি আহ্বান জানান শ্রমিক নেতারা।

শ্রমিকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ে শিল্পের উৎপাদন ব্যাহত হলে ব্যাপক ক্ষতি হবে, যার প্রভাব পড়বে শ্রমিকদের জীবন-জীবিকার ওপর। শিল্পের উৎপাদন ব্যাহত হলে শিল্পের ব্যাপক ক্ষতি সাধন হবে। যা আপনাদের জীবন জীবিকার উপর প্রভাব ফেলে। তাই আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি শিল্পের উৎপাদন যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। কারণ এই শিল্পটি আমাদের চল্লিশ লাখ শ্রমিকের ভাগ্য নির্ভর করে।

একই সঙ্গে পোশাক কারখানার মালিকদের প্রতি শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে একটি যৌক্তিক মজুরি নির্ধারণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। কারখানা ও কারখানার বাইরে শ্রমিকদের অন্যান্য সমস্যা দ্রুত সমাধান এবং দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা।

যৌক্তিক মজুরি নির্ধারণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, পোশাকশ্রমিকরা দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্য, বাড়িভাড়াসহ জীবনযাত্রার ব্যয়ের অসহনীয় চাপের কারণে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে শ্রমিক সংগঠনগুলো সরকারের কাছে স্মারকলিপিও দিয়েছে।

আশা প্রকাশ করে বলা হয়, মজুরি বোর্ডে মালিকদের প্রতিনিধি, সামগ্রিক মজুরি বোর্ড ও সরকার শ্রমিকদের প্রত্যাশা, জীবনযাত্রার ব্যয় এবং সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রকাশিত গবেষণার ভিত্তিতে একটি যৌক্তিক মজুরি সুপারিশ করবে। সরকার ইতোমধ্যে ঘোষণা করেছে, ঘোষিত মজুরি ডিসেম্বর ২০২৬ সালে কার্যকর হবে।

সংগঠনগুলোর নেতারা বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি যৌক্তিক মজুরি নির্ধারণের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। মজুরি বোর্ডকে সহযোগিতার পাশাপাশি সরকারের এবং সংশ্লিষ্ট মহলের সাথে আমাদের আলোচনা ও দরকষাকষি চলতে থাকবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, শুধু মজুরি বৃদ্ধি শ্রমিকদের সমস্যার সমাধান নয়। বাড়িভাড়া নিয়ন্ত্রণ, নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা, যাতায়াত এবং নাগরিক সুবিধার বিষয়গুলো নিয়ে স্থায়ী সমাধান জরুরি।

সংবাদ সম্মেলনের আয়োজন করে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, গার্মেন্টস শ্রমিক শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, গার্মেন্টস শ্রমিক পরিষদসহ অন্যান্য সংগঠন।

/এফআর/